Lead News

২১ জুন পশ্চিম ত্রিপুরার ৯ কেন্দ্রে নিট পরীক্ষা, বসবে প্রায় ৪,৫০০ পরীক্ষার্থী

আগরতলা, ১৮ জুন : আগামী ২১ জুন সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার।

জেলাশাসক জানান, পশ্চিম ত্রিপুরা জেলার মোট ৯টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৪ হাজার ৫০০ পরীক্ষার্থী এবারের নিট পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কেন্দ্রগুলিতে নজরদারি ও প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার পরিবেশ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিটি কেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং স্বরবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আগাম রওনা দেওয়ারও পরামর্শ দেন তিনি।

ডাঃ বিশাল কুমার আরও জানান, পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহন চলাচল, নিরাপত্তা, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সহযোগিতায় এবারের নিট পরীক্ষা শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রশাসন আশাবাদী। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলির আশপাশে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *