Tripura

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় জোরদার করা হয়েছে নিরাপত্তা : আইজিপি

আগরতলা, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে টিইউএনএফ (ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট)-এর সক্রিয়তার ঘটনা মাথায় রেখে এবার আগেভাগেই সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। সীমান্ত এলাকায় বিএসএফ-এর সঙ্গে সমন্বয় রেখে পুলিশ ও টিএসআর বাহিনীকে যুক্ত করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও থানাগুলিকে সক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পশ্চিম আগরতলা থানায় যান রাজ্য পুলিশের আইজি আইন-শৃঙ্খলা ইপ্পার মনচাক। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার লমিত পাঠক, পশ্চিম আগরতলা থানার ওসি-সহ অন্যান্য আধিকারিকরা। এদিন থানায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন আইজি।

তিনি জানান, গত বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে টিইউএনএফ নামে একটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই গোষ্ঠীর আট সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেনেড-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার কথা মাথায় রেখেই এবার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইজি জানান, স্বাধীনতা দিবসের সাত দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি শুরু হয়েছে। আগামী দুই দিন এই অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ-এর সঙ্গে পুলিশ ও টিএসআরকে যুক্ত করে নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি এমবিবি কলেজ চত্বর থেকে কলেজছাত্রী অপহরণ, ধর্ষণ এবং মুক্তিপণ সংক্রান্ত ঘটনায়ও তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন আইজি আইন-শৃঙ্খলা। তিনি জানান, অপহরণে ব্যবহৃত গাড়িটির তল্লাশি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ঘটনার প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও আশ্বাস দেন তিনি।

রাজ্যে মাদকবিরোধী অভিযান নিয়েও এদিন পুলিশের তৎপরতার কথা তুলে ধরেন আইজি। তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় চার হাজার এনডিপিএস মামলা নথিভুক্ত হয়েছে। মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থান থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানও আগামী দিনে আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

স্বাধীনতা দিবসের আগে রাজ্যের সীমান্ত থেকে শুরু করে রাজধানী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের ফাঁক না রাখতে বিভিন্ন স্তরে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *