Tripura

পুজোর আগে বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবি, জেলাশাসকের দ্বারস্থ সিআইটিইউ

আগরতলা, ১০ অক্টোবর : দুর্গাপুজোর আগে বেহাল জাতীয় সড়ক সংস্কার, যানজট নিরসনে ওভারব্রিজ নির্মাণ-সহ চার দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ-র জিরানিয়া মহকুমা কমিটি। জাতীয় সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সিআইটিইউ-র জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ নম্বর জাতীয় সড়কের চম্পকনগরের সাধুপাড়া থেকে রানিরগাঁও পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই গুরুত্বপূর্ণ সড়কটি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা প্রয়োজন। বিশেষ করে দুর্গাপুজোর সময় রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পায়। সেই পরিস্থিতিতে সড়কের বেহাল দশা অব্যাহত থাকলে সাধারণ যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকদেরও চরম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই পুজোর আগেই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া খয়েরপুর সিএনজি থেকে চন্দ্রপুর পর্যন্ত ওভারব্রিজ নির্মাণের দাবিও ডেপুটেশনে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল আরও সুগম করা এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে এই পরিকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি জাতীয় সড়কের দুই পাশে নিকাশি নালা নির্মাণের দাবিও জানানো হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নয়ন হলে বৃষ্টির জল জমে সড়কের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি।

এদিন সিআইটিইউ-র জিরানিয়া মহকুমা কমিটির পক্ষে তপন দাস জানান, চম্পকনগরের সাধুপাড়া থেকে খয়েরপুর পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। দীর্ঘদিন ধরে সড়কটির এই পরিস্থিতি সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। তাই অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সাধন করা একান্ত প্রয়োজন। পুজোর মরশুমে যাতে যানবাহন চলাচলে কোনও ধরনের বিঘ্ন না ঘটে, সেদিকে গুরুত্ব দিয়ে দ্রুত সংস্কারের কাজ শুরু করার দাবি জানান তিনি।

সড়ক সংস্কার, ওভারব্রিজ নির্মাণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন-সহ চার দফা দাবির ভিত্তিতে জেলাশাসকের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *