হাঁপানিয়ায় মায়ানমারের যুবক গ্রেফতার ঘিরে চাঞ্চল্য
আগরতলা, ৭ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের উপকণ্ঠ হাঁপানিয়া এলাকায় অবৈধভাবে বসবাসকারী মায়ানমারের এক যুবককে গ্রেফতার করল আমতলি থানার পুলিশ। ধৃতের নাম কাবিল আলম। দুই মাস ধরে সে এলাকায় ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আমতলি থানার পুলিশ হাঁপানিয়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই কাবিল আলমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেছে এবং সীমান্ত পেরিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশের কথাও জানিয়েছে।
শনিবার আমতলি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত ব্যক্তি কীভাবে রাজ্যে প্রবেশ করেছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
এদিকে দীর্ঘদিন ধরে একজন বিদেশি নাগরিকের এলাকায় বসবাসের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থার উপরও উঠছে প্রশ্ন। ঘটনার জেরে হাঁপানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
