নেশার বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধাপ বামপন্থী যুব সংগঠনের, ‘প্রজন্ম বাঁচাও’ অভিযানের থিম সং প্রকাশ
আগরতলা, ৬ ফেব্রুয়ারি : সর্বগ্রাসী নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি থেকে ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করতে চলেছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার এক বিশেষ থিম সং রিলিজ করল দুই যুব সংগঠন।
শুক্রবার আগরতলায় ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন দাস এবং ডিওয়াইএফআই নেতৃত্ব তথা চিকিৎসক সৌরভ দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, বিশ্বের বৃহত্তম যুবসমাজের অংশ ভারতের যুবসমাজ। কিন্তু সেই যুবসমাজের একাংশ, বিশেষত ত্রিপুরায়, বর্তমানে নেশার ভয়াবহ গ্রাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে যুবকদের কাজ ও সচেতনতার মাধ্যমে নেশামুক্ত করার লক্ষ্যেই রাজ্যজুড়ে ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় পর্যায়ের অভিযানের অংশ হিসেবেই এই থিম সং প্রকাশ করা হয়েছে বলে জানান তাঁরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে এবং আগরতলায় আগামী দিনে বৃহৎ জনসভার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে ক্রমবর্ধমান নেশার প্রবণতা রুখতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেশাবিরোধী কর্মসূচি গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি এবং থিম সং রিলিজকে একটি অভিনব ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ বলেই মনে করছে বিভিন্ন মহল।
