Tripura

ওয়ার্ক অর্ডার উপেক্ষা করে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, বামুটিয়ায় উত্তেজনা

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া এলাকায় নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সরকারি ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্ধারিত রুট পরিবর্তন করে শাসকদলের কিছু স্থানীয় নেতার সুবিধার্থে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ উঠেছে, যা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় আকালী মণ্ডলের বাড়ির সামনে থেকে অচলমনি বিশ্বাসের বাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের জন্য পূর্ত দফতর থেকে ওয়ার্ক অর্ডার জারি করা হয়। কিন্তু নির্ধারিত পথ অনুযায়ী কাজ না করে, স্থানীয় কিছু প্রভাবশালী লোক ব্যক্তিগত স্বার্থে রাস্তার রুট পরিবর্তনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, পরিকল্পিত রুট পরিবর্তন করে রাস্তা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কয়েকজনের ব্যক্তিগত বাড়ি ও জমি সুবিধা পায়। ইতিমধ্যেই ওই বিকল্প পথে মাটি ফেলার কাজও শুরু হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তাঁরা এর প্রতিবাদে সরব হন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণ ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্ধারিত রুটেই রাস্তা নির্মাণের দাবি জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয়রা প্রশাসনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত পরিকল্পনা অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *