Tripura

মাটিয়া গ্রামের একমাত্র যাতায়াত রাস্তা বেহাল, জনদুর্ভোগ চরমে—মেরামতের দাবি জোরালো

মোহনপুর, ১৮ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে রাস্তাটি এখন কার্যত ভেঙে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, একমাত্র এই রাস্তাটির ওপরই নির্ভর করে এলাকার স্কুল, কলেজ ও হাসপাতাল যাতায়াত ব্যবস্থা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী, রোগীসহ সাধারণ মানুষকে এই পথ ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কাদা ও গর্তে ভরা রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।

গ্রামবাসীরা আরও জানান, জরুরি পরিস্থিতিতে যেমন অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনীর গাড়িও এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, ফলে বড় ধরনের বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। এতে করে এলাকায় নিরাপত্তা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয় জনগণ দ্রুত এই রাস্তা পুনর্নির্মাণ অথবা অবিলম্বে মেরামতের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে দ্রুত এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটি সংস্কার করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *