Tripura

‘সেবা সংকল্প অভিযানে’ ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে বিজেপি-র উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি নেওয়া হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। ৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আহ্বান ‘এক পেড় মা কে নাম’-কে সামনে রেখে এদিন ওয়ার্ড অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগরতলা শহরকে আরও সবুজ ও নির্মল করে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

পাশাপাশি ৩১ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন শ্রীশ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান পরিচালনা করা হয়। মন্দির চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, বনমালীপুর মণ্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী-সমর্থকরা।

এদিনের কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ উপস্থিত বিজেপি নেতৃত্ব। সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা সঠিকভাবে পাচ্ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়।

রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে সেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ৩১ নম্বর ওয়ার্ডেও বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসংযোগমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *