Tripura

বিএসএফ-র গুলিতে নিহত বাংলাদেশি চোরাকারবারি, উত্তপ্ত লাটিয়াপুরা সীমান্ত

কৈলাসহর, ১২ জুন : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রক্তাক্ত চোরাচালান-কাণ্ড। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা সীমান্তে চোরাচালান রুখতে গিয়ে বিএসএফ-র গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা  ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সীমান্তরক্ষীরা। অভিযোগ, তখন ১০ থেকে ১২ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

কর্তব্যরত বিএসএফ জওয়ানরা প্রথমে চোরাকারবারিদের থামতে নির্দেশ দেন। একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও তাঁরা নির্দেশ অমান্য করে দ্রুত এগিয়ে যেতে থাকে বলে দাবি বিএসএফ-র। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে জওয়ানরা শেষ পর্যন্ত একটি  ইমসাস রাইফেল থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এক বাংলাদেশি নাগরিক। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মজিদ আলী (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামে। পিতার নাম আজিব আলী।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করে বিএসএফ। সম্ভাব্য উত্তেজনা এবং অনুপ্রবেশের আশঙ্কায় গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।

স্থানীয় মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই বার্মিজ সিগারেটসহ বিভিন্ন পণ্যের চোরাচালান নিয়ে উদ্বেগ ছিল। শুক্রবারের এই ঘটনা সেই চোরাচালান চক্রের সক্রিয় উপস্থিতিকেই ফের সামনে এনে দিল বলে মনে করছেন সীমান্তবাসীরা।

তবে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএসএফ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করছে বলে জানা গেছে। সীমান্তে চোরাচালান ঠেকাতে বিএসএফ-র এই কড়া পদক্ষেপ নতুন করে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *