Tripura

নার্সদের তথ্য আপডেটের জন্য অনলাইন পোর্টাল চালুর দাবি যুব কংগ্রেসের

আগরতলা, ১২ জুন : ত্রিপুরা নার্সিং কাউন্সিলের জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তি ঘিরে উদ্বেগ প্রকাশ করে নার্সিং উত্তীর্ণদের তথ্য আপডেটের জন্য অনলাইন পোর্টাল চালুর দাবি জানাল প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার এই দাবিতে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্য সরকারের স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ডেপুটেশন প্রদান শেষে তিনি সাংবাদিকদের জানান, ত্রিপুরা নার্সিং কাউন্সিল সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে নার্সিং উত্তীর্ণদের তথ্য আপডেট করার জন্য মাত্র ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু রাজ্যের অধিকাংশ নার্স বর্তমানে কর্মসূত্রে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত থাকায় এত অল্প সময়ের মধ্যে তাঁদের পক্ষে রাজ্যে ফিরে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তথ্য হালনাগাদ করা কার্যত অসম্ভব।

নীলকমল সাহা বলেন, “ত্রিপুরার প্রায় ৮৫ শতাংশ নার্সিং উত্তীর্ণ বর্তমানে বহিঃরাজ্যে কর্মরত রয়েছেন। তাঁদের অনেকেই হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মাত্র ১০ দিনের মধ্যে ছুটি নিয়ে রাজ্যে এসে তথ্য আপডেট করা তাঁদের জন্য অত্যন্ত কঠিন। পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচের কারণে এটি আর্থিকভাবেও বড় বোঝা হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ব্যবস্থার মাধ্যমে সহজেই এই ধরনের কাজ সম্পন্ন করা সম্ভব। তাই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রত্যাহার করে একটি অনলাইন পোর্টাল চালুর মাধ্যমে তথ্য আপডেটের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। এর ফলে রাজ্যের বাইরে কর্মরত নার্সরাও সহজে ও স্বল্প ব্যয়ে নিজেদের তথ্য হালনাগাদ করতে পারবেন।

যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাজীবীদের স্বার্থ বিবেচনা করে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা। এতে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হবে এবং নার্সদের অযথা হয়রানির মুখে পড়তে হবে না।

নীলকমল সাহা জানান, স্বাস্থ্য অধিকর্তা তাঁদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে, বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অনলাইন পোর্টাল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

যুব কংগ্রেস আশা প্রকাশ করেছে যে, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দফত নার্সদের সুবিধার কথা মাথায় রেখে দ্রুত অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করবে এবং বর্তমান সমস্যার একটি স্থায়ী সমাধান বের করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *