Tripura

আগরতলা রেলস্টেশনে ৫.১৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

আগরতলা, ১৩ আগস্ট : আগরতলা রেলওয়ে স্টেশনে ফের গাঁজা পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আগরতলা জিআরপি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্টেশন চত্বরে অভিযান চালিয়ে ৫.১৩০ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম ক্লিনটন সূত্রধর। তাঁর বাড়ি গোমতী জেলার কাকড়াবন থানার অন্তর্গত গঙ্গাছড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল  ৩টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন পার্কিং এলাকার সামনে অভিযান চালানো হয়। আরপিএফ পোস্ট এবং পে-অ্যান্ড-ইউজ শৌচাগারের মধ্যবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই যুবককে আটক করেন জিআরপি থানার পুলিশকর্মীরা।

আগরতলা জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে জিআরপি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ক্লিনটন সূত্রধরকে আটক করে তাঁর সঙ্গে থাকা পিঠু ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে মোট ৫.১৩০ কেজি গাঁজা উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্লিনটন সূত্রধরকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

রেলস্টেশনকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার রুখতে জিআরপি ও আরপিএফ-এর নজরদারি এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, সে সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তদন্তকারী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *