Tripura

জমি বিবাদে চরম পারিবারিক সংঘাত, বোনদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ ভাইয়ের

আগরতলা, ১২ জুন : জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানাধীন খেজুর বাগান এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজের দুই বোনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, হুমকি এবং দোকানঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দা বিপুল দেবনাথ।

অভিযোগ অনুযায়ী, বিপুল দেবনাথের সঙ্গে তাঁর দুই বোন শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথের দীর্ঘদিন ধরে পৈতৃক ও ব্যক্তিগত জমি নিয়ে বিরোধ চলছে। বিপুলের দাবি, তাঁর নিজস্ব মালিকানাধীন জমি দুই বোনের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাঁকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে তাঁকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিপুল দেবনাথ জানান, সম্প্রতি তাঁর ছোট বোন তৃষা দেবনাথ এনসিসি থানায় তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় এবং তিনি প্রায় ১৯ দিন জেল হেফাজতে ছিলেন। পরে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান তিনি।

জামিনে মুক্তি পাওয়ার পরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে দাবি বিপুল দেবনাথের। তাঁর অভিযোগ, বাড়িতে ফিরলেই দুই বোন এবং তাঁদের সহযোগীরা তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করেন। ফলে তিনি বর্তমানে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বিপুল দেবনাথ। শুক্রবার তিনি এ বিষয়ে এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারছি না। প্রতিনিয়ত ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটছে।”

এদিকে, বিপুল দেবনাথের মালিকানাধীন এবং ভাড়ায় দেওয়া দুটি দোকানঘরেও তাঁর দুই বোন তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে ওই দোকানগুলির ব্যবসায়ীরা গত তিনদিন ধরে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এতে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *